ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ
  • ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

     ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু
    প্যারিসের আন্দ্রে-সিট্রোয়েন পার্কের একটি ফোয়ারার পানিতে ভিজে আনন্দে মেতেছে শিশুরা/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরোপজুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। সোমবার (২২ জুন) ইউরোপের বিভিন্ন শহরে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যেই তীব্র গরমে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

    ফ্রান্সের পশ্চিমাঞ্চলের বিখ্যাত ওয়াইন উৎপাদন এলাকা বোর্দোতে তাপমাত্রা পৌঁছেছে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে (১০৭ দশমিক ৪ ফারেনহাইট), যা গত আগস্টে স্থাপিত আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মধ্য ফ্রান্সের পোয়তিয়ে শহরে তাপমাত্রা উঠেছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এতে ১৯৪৭ সালে স্থাপিত আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। ভয়াবহতা বিবেচনায় নিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলের স্কুল বন্ধ রাখা হয়েছে বা সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

    একই সময়ে ব্রিটিশ আবহাওয়া পূর্বাভাস সংস্থা সতর্ক করেছে, চলতি সপ্তাহে যুক্তরাজ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।

    স্পেনের উত্তরাঞ্চলের তুলনামূলক শীতল শহর সান সেবাস্তিয়ানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, এটি ২২ জুনের ঐতিহাসিক গড় তাপমাত্রার দ্বিগুণেরও বেশি।

    সোমবার (২২ জুন) ইউরোপই ছিল এমন মহাদেশ, যেখানে তাপমাত্রা ঐতিহাসিক স্বাভাবিক মান থেকে সবচেয়ে বেশি বিচ্যুত ছিল।

    এপ্রিল মাসে প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিইউএমও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে।

    দক্ষিণ-পূর্ব ফ্রান্সের কারপঁত্রা শহরের এক প্রসিকিউটর জানিয়েছেন, ২ ও ৪ বছর বয়সী দুই শিশুকে তাদের মা বাড়ির বাইরে পারিবারিক গাড়ির ভেতরে অচেতন অবস্থায় খুঁজে পান।

    জরুরি সেবাকর্মীরা শিশু দুটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।

    এদিকে, বোর্দো অঞ্চলে তাপপ্রবাহজনিত স্বাস্থ্য জটিলতায় সপ্তাহান্তে ৮০ থেকে ৯৫ বছর বয়সী তিনজন প্রবীণের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সোফি ব্রোকাস ফ্রান্স টিভিকে জানিয়েছেন।

    ফ্রান্সের সিভিল সেফটি সার্ভিসের মুখপাত্র জেরোম বুলাঞ্জার জনগণকে সতর্ক করে বলেছেন, শুধু তত্ত্বাবধান থাকা স্থানেই সাঁতার কাটুন।

    রোববার থেকে সোমবারের মধ্যে দেশটিতে ১৩ জনের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপপ্রবাহের সময় মানুষ গরম থেকে বাঁচতে পানিতে নামায় গত বছর ফ্রান্সে ডুবে মৃত্যুর সংখ্যা ১৭২ শতাংশ বেড়ে গিয়েছিল।

    কী কারণে হচ্ছে এই তাপপ্রবাহ?
    লন্ডনের ইম্পেরিয়াল কলেজের চরম আবহাওয়া ও জলবায়ু গবেষক ক্লেয়ার বার্নস জানিয়েছেন, ইউরোপের বড় অংশে প্রভাব ফেলা এই তাপপ্রবাহকে ‘ওমেগা ব্লক’ বলা হয়।

    এর নামকরণ হয়েছে গ্রিক অক্ষর ওমেগার আকৃতির সঙ্গে মিল রেখে। এতে মাঝখানে গরম বায়ুর একটি বড় অংশ ও দুই পাশে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু অবস্থান করে।

    বার্নস বলেন, এটি উত্তর আফ্রিকার সাহারা অঞ্চল থেকে উষ্ণ বায়ু টেনে আনছে। এ কারণেই আমরা এত তীব্র তাপ অনুভব করছি। এই আবহাওয়াগত ব্যবস্থা খুব ধীরে সরে ও এর ফলে কোনো বাতাস বা শীতল হাওয়া পাওয়া যায় না বললেই চলে।

    তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও ঝড় উভয়ই আরও তীব্র হয়ে উঠছে। এতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাতও বাড়ছে।

    যুক্তরাজ্যে ভাঙতে পারে প্রায় ৫০ বছরের রেকর্ড
    যুক্তরাজ্যের জাতীয় আবহাওয়া সংস্থা মেট অফিস জানিয়েছে, দেশটিতে চার দিনের তাপপ্রবাহের সময় কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এটি হলে ১৯৫৭ ও ১৯৭৬ সালে রেকর্ড হওয়া জুন মাসের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড সহজেই ভেঙে যাবে।

    উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ভেঙেছিল যুক্তরাজ্য।

    ব্রিটিশ তথ্যবিজ্ঞানী লুইস জেনিংস বলেন, ৩৬ ডিগ্রি তাপমাত্রা সত্যিই ভয়ংকর হবে।
    প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্সের হিসাবে প্যারিসে তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা ছিল, যা জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে নতুন রেকর্ড হতে পারে।

    স্পেনের আবহাওয়া সংস্থার মুখপাত্র রুবেন দেল কাম্পো বলেন, আমরা বছরের এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ থেকে ১০ ডিগ্রি বেশি তাপমাত্রা দেখছি। উত্তরাঞ্চলের কিছু এলাকায় গড়ের তুলনায় ১০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

    ইতালির ১২ শহরে জারি লাল সতর্কতা
    ইতালি সোমবার (২২ জুন) দেশের ১২টি শহরের জন্য তাপপ্রবাহজনিত লাল সতর্কতা জারি করেছে।
    বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইরেন জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডের ওপর অতিরিক্ত চাপের কারণে তুরিন শহরে মাঝে-মধ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটি কর্মীদের শিফট দ্বিগুণ করেছে এবং অতিরিক্ত জেনারেটর সংযোজন করেছে।

    তাপে বাসা ছেড়ে ঝাঁপ দিচ্ছে পাখিরাও
    বেলজিয়ামের তেমপ্লু এলাকায় অবস্থিত বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা রোমেইন দে জায়েগেরে জানিয়েছেন, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে সুইফট, সোয়ালো, চড়ুই ও স্টারলিংয়ের মতো পাখিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব পাখি সাধারণত ভবনের ছাদের কার্নিশে বাসা তৈরি করে।

    দে জায়েগেরে বলেন, ছাদের ওপর তাপমাত্রা অনেক সময় ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ফলে পাখিগুলো বাসার মধ্যে পুড়ে মারা যাওয়ার চেয়ে নিচে ঝাঁপ দিতে পছন্দ করছে।

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ