ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম

১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারি মো. রায়হানের (২৪)। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮-এর সদস্যরা।

গ্রেপ্তার রায়হান বানারীপাড়া থানার ইলুহার এলাকার আ. মান্নানের ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

তিনি জানান, রায়হানের বিরুদ্ধে ২০১৪ সালে বরিশালের বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে জামিনে মুক্ত হওয়ার পর রায়হান আত্মগোপনে চলে যান।

রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি আরও জানান, পরোয়ানা তামিলকারী বানারীপাড়া থানার কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮-এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

পরে র‍্যাব-১০ সিপিসি-১-এর সদস্যদের সহযোগিতায় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ