ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম

কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

 কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে বরিশাল জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায় , বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন বিদ্যালয়ের ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন। দুপুর ১২টার পর দিবা শাখার শিক্ষার্থীরা ২০৮ নম্বর কক্ষের সামনে ক্লাসের অপেক্ষায় ছিলেন।

এ সময় কয়েকজন শিক্ষার্থী কোচিং চলাকালে কক্ষের সামনে হাঁটাহাঁটি ও দরজায় ধাক্কা দেওয়ায় শিক্ষক রফিকুজ্জামান ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি বের হয়ে দিবা শাখার শিক্ষার্থী আল আরাফ ও বর্ষন বেপারীকে ধরে মারধর করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের স্বজনরা।

আল আরাফের মা মারিয়াম আক্তার লিজা অভিযোগ করে বলেন, তাঁর ছেলে কোনো ধরনের বিরক্ত করার সঙ্গে জড়িত ছিল না। সে দৌড়ে পালিয়ে না যাওয়ায় শিক্ষক তাকে ধরে মোটা লাঠি দিয়ে দুই পায়ের উরুতে মারধর করেন। এ সময় তার গলা থেকে আইডি কার্ড খুলে নিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আল আরাফের জ্বর এসেছে এবং ঠিকমতো হাঁটতে পারছে না। এ ঘটনায় প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এই  ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

অভিযোগের বিষয়ে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার বলেন, আপনারা যে অভিযোগ দিচ্ছেন, সেটা সত্য। এটা নিয়ে প্রধান শিক্ষক আমাদের সঙ্গে বসবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম  বলেন, ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সোমবার বসব। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ