বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা

ভোলার বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মিফতাহুল জান্না রাফা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর মা ফেরদৌস আরা মুন্নি ও বাবা সোহেল গুরুতর আহত হন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন বৌদ্ধেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফা সোহেল ও ফেরদৌস আরা মুন্নি দম্পতির মেয়ে। আহত ফেরদৌস আরা মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী সোহেল ও সাত বছরের সন্তান রাফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন শিক্ষিকা ফেরদৌস আরা মুন্নি। বৌদ্ধেরপোল এলাকায় বাইরোড থেকে উঠে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার শিশু রাফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সোহেলকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ফেরদৌস আরা মুন্নিও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, চাকরির সুবাদে ফেরদৌস আরা মুন্নির পরিবার বর্তমানে কুঞ্জেরহাট বাজারসংলগ্ন ডিগ্রি কলেজের পাশে আবুল কালাম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী ঠিকানা লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাফ আলী বলেন, মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে রাফা নামে এক শিশু নিহত হয়েছে। তার মা-বাবাও আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এইচকেআর