ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি
  • পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

    পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম
    পায়রা বন্দরে আনা হলো অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হলো পাঁচটি অত্যাধুনিক কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সরঞ্জাম। এসব সরঞ্জাম নিয়ে ‘ফ্যান ঝৌ-৬’ নামের একটি মাদার ভেসেল বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বন্দরের প্রথম টার্মিনাল জেটিতে এসে বার্থিং করেছে।

    দীর্ঘ প্রায় দুই বছর পর আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামবাহী মাদার ভেসেলের সরাসরি জেটিতে বার্থিংয়ের মধ্য দিয়ে পুনরায় শুরু হলো বন্দরের সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রম।

    বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমকে আরও দ্রুত, আধুনিক ও দক্ষ করতে এসব সরঞ্জাম আনা হয়েছে। নতুন ইকুইপমেন্ট যুক্ত হওয়ায় জাহাজ থেকে কম সময়ে পণ্য খালাস করা সম্ভব হবে। একই সঙ্গে কমবে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম এবং বাড়বে বন্দরের সামগ্রিক অপারেশনাল সক্ষমতা।

    প্রথম টার্মিনালের জন্য আনা পাঁচটি সরঞ্জামের মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি শিপ-টু-শোর (এসটিএস) বা কুয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি রাবার-টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন (এমএইচসি)। এসব যন্ত্রপাতি নির্মাণ করেছে চীনের নানজিং পোর্ট অ্যান্ড হারবার মেশিনারি কোম্পানি (এনপিএইচএমসি) ও শুঝো কনস্ট্রাকশন মেশিনারি গ্রুপ (এক্সসিএমজি)।

    পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বলেন, নতুন এসটিএস ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার লোড-আনলোড করা হবে। আরটিজি ক্রেন দিয়ে ট্রেইলার থেকে কনটেইনার ওঠানামা এবং ইয়ার্ডে কনটেইনার সংরক্ষণ ও স্থানান্তরের কাজ করা হবে। অন্যদিকে এমএইচসির মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার খালাসের কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

    বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, ১৭০ মিটার দীর্ঘ এবং প্রায় ৬ মিটার ড্রাফটের ‘ফ্যান ঝৌ-৬’ জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে যাত্রা করে। নতুন সরঞ্জামগুলো যুক্ত হওয়ায় বন্দরের কার্গো অপারেশন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

    তিনি বলেন, ভবিষ্যতে ড্রেজিংয়ের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বাড়ানো গেলে আরও বেশি ড্রাফটের বড় মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের জেটিতে আনা সম্ভব হবে। এতে বিপুল পরিমাণ কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের অবদান আরও বাড়বে।

    পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট যুক্ত হওয়ার মাধ্যমে বন্দর পূর্ণ সক্ষমতার দিকে আরও এক ধাপ এগিয়েছে। গাড়ি আমদানির জন্য ডেডিকেটেড ইয়ার্ড ও শেড ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। নতুন ক্রেন যুক্ত হওয়ায় ৬৫০ মিটার মাল্টিপারপাস বার্থের সক্ষমতাও পূর্ণতা পেয়েছে।

    তিনি আরও বলেন, বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ধরে রাখা জরুরি। নাব্যতা ঠিক রাখা গেলে বড় মাদার ভেসেল সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার মাধ্যমে পায়রা বন্দরের অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর বিকাশের পথও সুগম হবে।

    এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার ৫০০ টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার ৫১১ টন পাথর নিয়ে ‘এমভি দা হং-১৬’ নামের দুটি মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল। দীর্ঘ বিরতির পর এবার নতুন কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম নিয়ে মাদার ভেসেলের সরাসরি বার্থিংয়ের মাধ্যমে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার সম্ভাবনা আরও জোরালো হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ