মৎস্য বিভাগের অভিযানের আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে জেলের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানের আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং অভিযানের ভুল খবরে আতঙ্কে দৌড়াতে গিয়ে স্ট্রোক করেন বলে ধারণা করছে পরিবার।
নিহত জেলের নাম মো. ফরিদ তালুকদার (৫৫)। তিনি কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের (৮ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর চোখে অস্ত্রোপচারও করা হয়েছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ২টার দিকে ফরিদ তালুকদার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকার 'বাকার ভারানী' খালে মাছ ধরার জন্য বাঁধাজাল বসান। সকাল ছয়টার দিকে খালের মধ্য দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারের শব্দ পান তিনি। এতে তিনি ধারণা করেন, মৎস্য কর্মকর্তা অভিযানে আসছেন। অভিযানের ভয়ে তিনি দ্রুত নৌকা থেকে নেমে খালের পাড়ে উঠে দৌড় দেন।
দৌড়ানোর সময় ফরিদ তালুকদার তাঁর ভাই আবদুর রহমান তালুকদারকে মোবাইলে ফোন করে বলেন, আজ মনে হয় আমার জালটা নিয়ে যাবে। ফোন পেয়ে আবদুর রহমান খালের পাড়ে গিয়ে দেখেন, সেখানে কোনো মৎস্য কর্মকর্তা আসেননি এবং ফরিদ তালুকদারের ব্যবহৃত নৌকাটি খালের মাঝখানে খালি পড়ে রয়েছে। পরে ভাইয়ের ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ফরিদ তালুকদারকে খুঁজতে বের হন। সকাল সাড়ে আটটার দিকে নৌকা থেকে আনুমানিক ৫০ ফুট দূরে ছোনাউটা গ্রামের সালাম প্যাদার একটি বাগানে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।
মৃত্যু নিশ্চিত হতে সকাল সাড়ে নয়টার দিকে ট্রলারযোগে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে সেদিন ওই এলাকায় মৎস্য বিভাগের কোনো অভিযান ছিল না বলে জানিয়েছে উপজেলা মৎস্য দফতর। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, আমরা রাতে আওরাবুনিয়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন স্যারসহ অভিযান পরিচালনা করেছি। আমাদের কোনো টিম আমুয়া ইউনিয়নে অভিযানে যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর