ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম

শ্রীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

শ্রীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি করে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক পরিবেশকের (এজেন্ট) নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। দুর্বৃত্তদের গুলিতে এক হিসাবরক্ষণ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজার।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।

তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।

মোস্তাফিজুর রহমান জানান, গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে।

তিনি আরও জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। 

তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলে জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মৎস্য বিভাগের অভিযানের আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে জেলের মৃত্যু

​আসাদুজ্জামান সোহাগ
​ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানের আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং অভিযানের ভুল খবরে আতঙ্কে দৌড়াতে গিয়ে স্ট্রোক করেন বলে ধারণা করছে পরিবার।

​নিহত জেলের নাম মো. ফরিদ তালুকদার (৫৫)। তিনি কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের (৮ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর চোখে অস্ত্রোপচারও করা হয়েছিল।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ২টার দিকে ফরিদ তালুকদার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকার 'বাকার ভারানী' খালে মাছ ধরার জন্য বাঁধাজাল বসান। সকাল ছয়টার দিকে খালের মধ্য দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারের শব্দ পান তিনি। এতে তিনি ধারণা করেন, মৎস্য কর্মকর্তা অভিযানে আসছেন। অভিযানের ভয়ে তিনি দ্রুত নৌকা থেকে নেমে খালের পাড়ে উঠে দৌড় দেন।

​দৌড়ানোর সময় ফরিদ তালুকদার তাঁর ভাই আবদুর রহমান তালুকদারকে মোবাইলে ফোন করে বলেন, আজ মনে হয় আমার জালটা নিয়ে যাবে। ফোন পেয়ে আবদুর রহমান খালের পাড়ে গিয়ে দেখেন, সেখানে কোনো মৎস্য কর্মকর্তা আসেননি এবং ফরিদ তালুকদারের ব্যবহৃত নৌকাটি খালের মাঝখানে খালি পড়ে রয়েছে। পরে ভাইয়ের ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

​পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ফরিদ তালুকদারকে খুঁজতে বের হন। সকাল সাড়ে আটটার দিকে নৌকা থেকে আনুমানিক ৫০ ফুট দূরে ছোনাউটা গ্রামের সালাম প্যাদার একটি বাগানে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

​মৃত্যু নিশ্চিত হতে সকাল সাড়ে নয়টার দিকে ট্রলারযোগে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​তবে সেদিন ওই এলাকায় মৎস্য বিভাগের কোনো অভিযান ছিল না বলে জানিয়েছে উপজেলা মৎস্য দফতর। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, আমরা রাতে আওরাবুনিয়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন স্যারসহ অভিযান পরিচালনা করেছি। আমাদের কোনো টিম আমুয়া ইউনিয়নে অভিযানে যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ