ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে তাকে পল্টন থানায় নেওয়া হয়। 

আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়াসহ একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছে, আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।

এদিকে, জাসদের ওই কার্যালয় থেকে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিকের বেশি নেতাকর্মী জাসদের কার্যালয়ে জড়ো হয়েছে, এমন খবর জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও  পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা ওই কার্যালয় ঘিরে রাখেন। 

পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের করতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য জানিয়েছেন, তাদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন