ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬

Motobad news
ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি জামাল

শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে

শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠি শহরে যানজট কমাতে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালানোর পরামর্শ দিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, অটোরিকশাগুলোতে এলাকা ভিত্তিক বিভিন্ন রং করে দেওয়া হবে। 

যাতে এক এলাকার অটো অন্য এলাকায় না চালাতে পারে। এতে ঝালকাঠি শহরে যানজট কমে আসবে। শহর কিংবা শহরতলীতে দুর্ঘটনাও কমবে। 

তিনি রোববার দুপুরে ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। 

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ঝালকাঠি পৌরসভার মধ্যে যেসব সড়কে অটোরিকশা চলাচল করে সেগুলো চিহ্নিত করতে হবে। পরে বিশেষজ্ঞ টিম করে এলাকা ভত্তিক অটোরিকশা চলাচলের ব্যবস্থা করতে হবে। 

প্রয়োজনে গাড়িতে এলাকাভিত্তিক রং করে চলাচল করলে যাত্রীদের উপকার হবে। রং দেখে কোন এলাকার গাড়ি যাত্রীদের তা বুঝতে সুবিধা হবে।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় যানজট ও দুর্ঘটনা নিরসন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিরোদ বরণ জয়ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন