গ্রাম পুলিশ হচ্ছে তৃনমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, গ্রাম পুলিশ হচ্ছে তৃনমূল পর্যায়ের সরকার। রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান তার মাধ্যম হচ্ছেন গ্রাম পুলিশ। সেই অর্থে গ্রাম পুলিশ হচ্ছেন তৃনমূল পর্যায়ের সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল, পোশাক ও গ্রাম পুলিশদের স্ত্রীদের জন্য শাড়ি বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের উত্তরে জহির উদ্দিন স্বপন বলেন, আইনশৃংখলার প্রাথমকি গুরুত্বপূর্ন কাজে আমরা গ্রাম পুলিশকে ব্যবহার করে থাকি। এই জনবলকে যদি পরিকল্পিত ভাবে কাজে লাগানো যায়, তাহলে আমাদের জনগণকে সেবা দিতে আরো সহজ হবে। এই চিন্তা থেকেই তাদেরকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকার গ্রহন করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশ্যে নীতি নির্ধারনী বক্তব্য দিবেন। গ্রাম পুলিশদের দাবী সম্পর্কিত বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো, ইব্রাহীমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান খোকন প্রমুখ।
একইদিন দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ একটি রেস্তোরায় সরকারী গৌরনদী কলেজ ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
এইচকেআর