ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

মঠবাড়িয়ায় ‍ইয়াবা বিক্রি: সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতাসহ গ্রেফতার ৬ 

মঠবাড়িয়ায় ‍ইয়াবা বিক্রি: সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতাসহ গ্রেফতার ৬ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা কেনাবেচার সময় সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

শুক্রবার রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় হারুন কমিশনারের নিজ বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. হারুন অর রশিদ ওরফে হারুন কমিশনার (৪৫), বিজন কুমার চৌধুরী (৪০), মো. শহিদুল ইসলাম মনির (৪২), রফিকুল ‍ইসলাম কামাল (৪২),  মো. শহীদ গাজী (৪২), মীর মিনহাজুল ইসলাম (২৭)কে গ্রেফতার করা হয়।  এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন  মৃত. আ. খালেকের ছেলে, বিজন কুমার মিরুখালী রোডের মৃত. ক্ষিতীশ চন্দ্র চৌধুরী ছেলে, শহিদুল ইসলাম  উত্তর কলেজ রোডের মো. নূরুল ইসলাম ছেলে,  শহীদ গাজী সবুজনগর এলাকার মো. সিরাজ গাজী ছেলে, মিনহাজুল ইসলাম বড় মাছুয়া ইউনিয়নের ছেলে। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ হারুন কমিশনারের পুরাতন বসত ভবনের নিচ তলায় অভিযান চালায়। এসময় হারুন কমিশনার ভবনের ছাদে উঠে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে নিচে পাকা রাস্তায় পড়ে দুই পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান। পুলিশ ঘটনাস্থল থেকেই সবাইকে গ্রেপ্তার করে। পরে আহত হারুন কমিশনারকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন