বরিশালের চরবাড়িয়া ইউপি ভবন এখন মাদকসেবীদের মিলনমেলা!

বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়নে উন্নয়নের ঢাকঢোল বাজালেও বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। কয়েক যুগ পেরিয়ে গেলেও ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণ করতে পারেনি এখনও। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে পরিষদের নিজস্ব অবকাঠামোই গড়ে তুলতে পারেনি, সেখানে সাধারণ মানুষের উন্নয়ন কীভাবে নিশ্চিত হবে?
বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ভাড়া ভবনে। অথচ চরউলালঘুনী মৌজার ৪৩ নম্বর জে.এল-এর ৫/১ নম্বর খতিয়ানে পরিষদের নামে প্রায় ৩৬ শতাংশ জমি রয়েছে। দাগ নম্বর ১৫৬, ১৩৯, ১২৬, ১৩১, ১৩৮ ও ১৪২-এর এই জমিতে বহু বছর আগে নির্মিত ভবন এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ওই ভবন এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দিনের পর দিন অব্যবহৃত থাকায় সরকারি সম্পদ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্থানীয়দের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের আমলে উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি ঘটেনি। স্থানীয়রা বলছে, “ইউনিয়ন পরিষদই যদি ভাড়া বাড়িতে চলে, তাহলে উন্নয়নের কথা শুনে আর ভরসা পাই না। আগে পরিষদের নিজের অবস্থান ঠিক হোক, তারপর উন্নয়নের কথা।”
চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ্ আলম শেখ বলেন, “ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি রয়েছে। তবে নানা জটিলতা ও বরাদ্দ সংকটের কারণে এতদিন ভবন নির্মাণ সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখছি।”
তিনি আরও জানান, “বর্তমানে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, শিগগিরই স্থায়ী ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।” প্রশ্ন থেকে যায়, এত বছরেও যদি একটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন গড়ে না ওঠে, তাহলে বৃহত্তর উন্নয়ন কতটা বাস্তব তা নিয়েই এখন সংশয় বাড়ছে।