ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Motobad news

আগামীতে শিক্ষা ব্যবস্থা হবে পেনলেস ও পেপারলেস -শিক্ষামন্ত্রী

আগামীতে শিক্ষা ব্যবস্থা হবে পেনলেস ও পেপারলেস -শিক্ষামন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ডিজিটাল শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে হবে। আগামীতে শিক্ষা ব্যবস্থা হবে পেনলেস ও পেপারলেস। এমন শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থীরা যেন তাল মিলিয়ে নিতে পারে সেজন্য এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে। 

মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালু করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র অ্যাক্ট প্রনয়ণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ ধারাবাহিকভাবে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিগত সরকারের শাসনামলে  শিক্ষার মান তলানিতে পৌঁছেছে উল্লেখ করে তিনি বিলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন করতে পারলে আমাদের সকল সমস্যার সমাধান হবে বলেও এসময় তিনি মন্তব্য করেন। 

নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রসঙ্গে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি সরকার প্রথম নকলমুক্ত পরীক্ষার সংস্কৃতি গড়ে তুলেন। বর্তমান সরকারও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এসময় তিনি শিক্ষামন্ত্রীর সদিচ্ছার উপর শিক্ষা খাতের উন্নয়ন নির্ভর করে বলেও মন্তব্য করেন।
  
শিক্ষকদের জাতি গড়ার কারিগর উল্লেখ করে তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের উপর দেশের উন্নয়ন নির্ভর করছে। নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। এসময় তিনি নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি রাজনীতিবিদ, প্রশাসন ও অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক। 

এসময় বরিশাল অঞ্চলের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন