কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু ঘটছে। গত সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকার প্রবাসী নয়ন মোল্লার স্ত্রী নাসরিন বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। নাফিয়াকে নিয়ে তার নানা মোহাম্মদ নুর আলম ভূঁইয়া বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড কাঠের ঘরের টিন খুলে যাওয়ায় তা ঠিক করতে মাচায় ওঠেন।
তখন হঠাৎ ঝড় শুরু হলে প্রবল বাতাসে পুরো ঘরটি ভেঙে পড়ে। এতে তিনি আহত হন এবং ঘরের ভাঙা টিন ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু নাফিয়া আক্তার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফু আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।