ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

লালমোহনে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

লালমোহনে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে বিরোধপূর্ণ জমি থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ হাওলাদার (৪৫) নামের এক যুবকের নিহত হয়েছে। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। (৬ মে) বুধবার রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় তার মৃত্যু হয়।

এরআগে, একইদিন দুপুরে বিরোধীপূর্ণ জমি থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে মাসুদ হাওলাদার ও তার ভাইয়ের মেয়ে রেশমা এবং তার স্বামীর সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে মাসুদসহ তার পরিবারের ৭ জন এবং রেশমার পরিবারের ৩ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত মাসুদ হাওলাদার ওই ওয়ার্ডের মৃত আজগর আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমি থেকে নারিকেল পাড়তে যান রেশমা ও তার স্বামী ফিরোজ মিয়া। পরে দেখতে পেয়ে মাসুদের মেয়ে তাতে বাধা দেন। এতে রেশমা ও তার স্বামী ক্ষিপ্ত হয়ে মাসুদের মেয়েকে মারধর করেন। খবর পেয়ে মাসুদ ঘটনাস্থলে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুদের বড় ভাই আবুল কালাম জানান, জমি নিয়ে একাধিকবার বিচার শালিস করা হলেও রেশমা তা তোয়াক্কা না করে জোরপূর্বক জমি থেকে নারিকেল পাড়ার চেষ্টা করেন। এতে বাঁধা দিলে রেশমা ও তার স্বামী এবং ছেলেরা মাসুদের পরিবারের ওপর অতর্কিত হামলা করেন। এতে আমার ভাই মাসুদ আহত হয়। পরে তাকে ঢাকা নেওয়ার পথে ভেদুরিয়া ঘাটে মারা যায়।

এদিকে মাসুদের নিহতরে খবরে তার পরিবার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

এ ঘটনায় অভিযুক্ত রেশমা ও তার স্বামী ফিরোজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাদের ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মাসুদ হাওলাদার জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এঘটনায় প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ৪ জনকে আটক করে থানায় আনা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন