বিএম কলেজের ফিজিক্স ভবনে সম্মেলনের মাধ্যমে ‘জাগৃহী খেলাঘর’র নতুন কমিটি ঘোষণা

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পদার্থবিজ্ঞান (ফিজিক্স) ভবনের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর সংগঠন ‘জাগৃহী খেলাঘর আসর’-এর বার্ষিক সম্মেলন। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে কলেজের ফিজিক্স ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর আবু তাহের মোহা. রাশেদুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে খেলাঘরের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। পরে সবার সর্বসম্মতিক্রমে এমদাদুল হক টিপুকে সভাপতি ও নাহিদ সুলতানা পলিকে সাধারণ সম্পাদক এবং ফয়সাল আহমেদ নূর (পাভেল) কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ‘জাগৃহী খেলাঘর আসর’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, বিএম কলেজের ফিজিক্স ভবনের এই সম্মেলন জাগৃহী খেলাঘরের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল ও স্ক্রিন আসক্তি থেকে দূরে রেখে মাঠের রাজনীতি ও সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত করবে।
এইচকেআর