বরিশালে ছাত্রীদের উত্ত্যক্ত: ৪ বখাটে আটক

বরিশাল নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রী ও তাদের অভিভাবকদের উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে অভিযোগের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন, নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।
মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুর রহমান জানান, বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক অবস্থান করে ছাত্রী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের অশালীন ভাষায় উত্ত্যক্ত করছেন—এমন অভিযোগ পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই চারজনকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত একাধিক অভিভাবক তাদের শনাক্ত করেন।
অভিযানের সময় উপস্থিত কয়েকজন অভিভাবক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, বিদ্যালয়ের সামনে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছিল। তারা শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ডিবি পুলিশের মাধ্যমে আটক চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্রীদের উত্ত্যক্ত বা হয়রানির মতো অভিযোগ প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর