তৃতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বরিশালের নিপা

বরিশালের নুসরাত জাহান নিপা আবারও জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার তৈরি এবং চপস্টিক দিয়ে সবচেয়ে দ্রুত ভাত খাওয়ার রেকর্ড গড়ে আলোচনায় আসেন তিনি। এবার সবচেয়ে কম সময়ে কাগজ দিয়ে স্নো-ফ্লেক (তুষারকণার নকশা) তৈরি করে তৃতীয়বারের মতো গিনেসে নাম লিখিয়েছেন।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নিপা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর কৃতিত্বও এখন তার ঝুলিতে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সর্বশেষ এই রেকর্ডটি গড়েন। কাগজ কেটে ও ভাঁজ করে স্নো-ফ্লেক তৈরির আগের রেকর্ড ছিল চীনের এক প্রতিযোগীর, যার সময় ছিল ২৩ দশমিক ১৬ সেকেন্ড। নিপা মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ডে কাজটি শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন। সম্প্রতি তিনি এ অর্জনের আনুষ্ঠানিক সনদ হাতে পেয়েছেন।
নিজের অনুভূতি জানিয়ে নিপা বলেন, কঠোর পরিশ্রম করলে অসম্ভব বলে কিছু থাকে না। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও বরিশালে মেয়েদের জন্য সেই সুযোগ সীমিত। তাই ঘরে বসেই দেশ ও নিজের শহরকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিনি এ ধরনের রেকর্ড গড়ে চলেছেন। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখার ইচ্ছার কথাও জানান তিনি।
এর আগে ২০২১ সালে করোনা মহামারির সময় এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান নিপা। এরপর ২০২৪ সালে চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাতের দানা খেয়ে দ্বিতীয় বিশ্বরেকর্ড গড়েন।
এইচকেআর