ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

Motobad news

অপহরণের পর মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেফতার

অপহরণের পর মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগের নেতা মো. আরিফ মুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের খোশালপুর পুকুরপাড়া গ্রামের বাসিন্দা ও অপহরণের শিকার কৃষক আব্দুস সামাদের ছেলে মো. মামুন (৩৬) বাদী হয়ে মধ্যরাতে পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ জুলাই রাত ৯টার দিকে আব্দুস সামাদ তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে সদর উপজেলার পল্লীবিদ্যুৎ ৫ মাইল এলাকায় দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাড়িতে যান। এ সময় অভিযুক্তরা ও তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন তাকে এবং তার নাতি রিফাত ইসলামকে মারধর করে। পরে রুবেল ডাকাত ও রোহানের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে আব্দুস সামাদকে মোটরসাইকেল ও মোবাইলসহ অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ৬ জুলাই দুপুর দেড়টার দিকে আব্দুস সামাদকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে পৌঁছে দিলে তাকে মোটরসাইকেল ও মোবাইলসহ ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

বিষয়টি পুলিশকে জানানো হলে সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে। একই সঙ্গে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি সাদা প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করা হয়।

এদিকে আটকদের ছাড়িয়ে নিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা থানায় প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন। এ সময় এনসিপির কয়েকজন নেতাকর্মী সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী সোমবার দিবাগত রাত ১২টার দিকে সাংবাদিকদের জানান, আটক পাঁচজনসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন