ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
  • বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

    বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার ২৪তম বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। 

    উন্নয়নমুখী এ বাজেটে জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, নারী কল্যাণ ও টেকসই নগর গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

    বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বাজেট উপস্থাপন করেন।

    এ সময় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৪৬২ কোটি ৮৬ লাখ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়েছে।

    বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও কর বৃদ্ধি না করে নাগরিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

     তিনি জানান, প্রস্তাবিত বাজেটের অর্থায়নের মধ্যে নিজস্ব রাজস্ব আয় থেকে ১৬৯ কোটি ৭১ লাখ টাকা (২৩ শতাংশ), সরকারি প্রকল্প সহায়তা থেকে ৩১০ কোটি টাকা (৫১ শতাংশ), সরকারি থোক ও বিশেষ থোক বরাদ্দ থেকে ১১৮ কোটি টাকা (১৮ শতাংশ), উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২৯ কোটি টাকা (৫ শতাংশ) এবং পানি সরবরাহ বিভাগ থেকে প্রায় ৩ শতাংশ আয় ধরা হয়েছে।

    বিসিসি সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটের মধ্যে ৪৯৮ কোটি টাকা উন্নয়ন ব্যয় এবং ১৪৯ কোটি টাকা পরিচালন ব্যয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে নগরবাসীর জীবনমান উন্নয়নে একাধিক বৃহৎ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি, অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা, সুপেয় পানি নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, পানির এটিএম বুথ চালু, কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ এবং দরিদ্র ডোম সম্প্রদায়ের জন্য দুটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণ।

    এছাড়া নগরীতে একটি ইকোপার্ক স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে ৭৯৭ কোটি টাকার প্রকল্প, বিভিন্ন খাল সম্প্রসারণ, পুনঃখনন ও সংরক্ষণে ৭৬৯ কোটি টাকার প্রকল্প, ১৫ তলা নগর ভবন নির্মাণে ১৯৫ কোটি টাকা, জলবায়ু অভিযোজন কর্মসূচিতে ৩০৯ কোটি টাকা এবং সমন্বিত ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এক হাজার ৯০০ কোটি টাকার পরিকল্পনার বিষয়ও বাজেটে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া বন্যা প্রতিরোধ ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৫৩৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা চলতি অর্থবছরেই অনুমোদনের আশা করছে বিসিসি।

    বাজেট বক্তৃতার সমাপনী বক্তব্যে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘অপচয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কর বৃদ্ধি ছাড়াই নগরবাসীকে আগের চেয়ে আরও উন্নত নাগরিক সেবা দেওয়া হবে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

    তিনি বাজেট বাস্তবায়নে সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট বরিশাল গড়ে তুলতে চাই।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ