স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

মাদারীপুরের উত্তর ঝিকরহাটি গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদারকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
মঙ্গলবার গভীর রাতে মাদারীপুর সদর থানাধীন পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল এসআরবি-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
এসআরবি-৮ জানায়, মাদারীপুর জেলার সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রামে সুমি আক্তার (২৪) এর সাথে প্রায় ২ বছর পূর্বে আলী আকবর হাওলাদারের বিবাহ হয়।পরবর্তী আলী আকবর মাদকে জড়িয়ে পরে। বিভিন্ন সময় যৌতুকের জন্য তার স্ত্রী সুমি আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত ১৩ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে সুমি আক্তারকে যৌতুকের টাকার জন্য মারধর করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ভাই মো.সজিব মোল্লা ও তার মা রুনা বেগম এবং বড় বোন নাজমা বেগম তাদের বাড়িতে গিয়ে দেখেন সুমি আক্তার বসত ঘরে মৃত অবস্থায় পরে আছে।
এ ঘটনায় সজিব মোল্লা বাদী হয়ে মাদারীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তী মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আলী আকবর হাওলাদার (৩০) কে গ্রেফতার করে।
পরে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
এইচকেআর