সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

বরগুনা-২ আসনের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন— মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব, ফারজানা ও হাসিব মিয়া। এদের মধ্যে ফারজানার একদিন এবং অন্য ১৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এদিন তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্র বিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণ করেন। এই সংবাদ পেয়ে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার পর পুলিশ অভিযান চালিয়ে রুমের ভেতর থেকে আসামিদের আটক করেন।
এ সময় অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২২ জন আসামি কৌশলে পালিয়ে যান। তল্লাশী করে রুমের টেবিলের ড্রায়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলার পাথরকাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী বিশ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা নিষিদ্ধ সংগঠন উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে জানান। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা হয়।
এইচকেআর