বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণের লক্ষ্যে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ’র কর্মকর্তাদের সঙ্গে আজ দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় নগরবাসীকে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পানি ব্যবস্থাপনা আধুনিকীকরণের বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, স্বল্পমূল্যে নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার এটিএম প্ল্যান্ট চালু এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সোলার সিস্টেম নির্ভর পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় এবং দীর্ঘমেয়াদে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।
সভায় বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি সরবরাহ বিভাগের প্রধান ও নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ সিটি করপোরেশনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ আরও সহজ ও টেকসই করার সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য কারিগরি ও বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আরও আলোচনা করা হবে।
এইচকেআর