বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি

বরিশাল জেলা ও মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
স্মারকলিপিতে বরিশালের জনস্বার্থসংশ্লিষ্ট একাধিক জরুরি বিষয়ে প্রশাসনের নজরদারি ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এতে জননিরাপত্তা জোরদার, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নদীভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় জরুরি পদক্ষেপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন এবং জনসমস্যা নিরসনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় প্রতিষ্ঠার দাবি জানান দলটির নেতারা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপত্তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, জবাবদিহি ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। বরিশালের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় এবি পার্টি ভবিষ্যতেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।
স্মারকলিপি প্রদানকালে এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন, যুগ্ম সদস্য সচিব রাকিব সিকদার ও শাকিল হাওলাদার, সদস্য মো. জসিম উদ্দিন ও বাহারুল গাজী, নারী নেত্রী নাজমুল নাহার বেবী এবং বাংলাদেশ ছাত্রপক্ষের বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর