বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করছে। দেশের মোট জনসংখ্যার একটি বিশাল অংশ কর্মক্ষম জনগোষ্ঠী। এ সম্ভাবনাময় যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে উঠতে পারলে বেকার সমস্যা সমাধান সম্ভব হবে। সরকারি চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান তৈরি করতে হবে।
বেকারত্ব দূরীকরণে সরকার অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে যুব সমাজকে প্রশিক্ষণ দিতে বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে। এসকল প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, মোবাইল সার্ভিসিং ও আধুনিক তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে যুবকরা স্বাবলম্বী হতে পারেন। এসময় তিনি মাছ ও মুরগির খামার, কৃষি ও অন্যান্য উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যুবসমাজকে বিভিন্ন দেশের ভাষা শেখার পাশাপাশি যুগোপযোগী কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন উন্নত দেশের ভাষায় দক্ষতা বাড়াতে পারলে চাকরি ও সম্মান দুইটিই অর্জন করা সম্ভব হবে। তিনি যুবসমাজকে মাদক থেকে নিজেদের বিরত রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ও বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়দুল হক চান।
স্বাগত বক্তব্যে রাখেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, যুব উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এইচকেআর