পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে আগুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের সিলেটের বাসার সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত সাড়ে তিনটার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি গলির মূল গেটের ভেতরে কোনো বস্তু বা পলিথিনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই গলির ভেতরে তিন-চারটা বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ন কবিরের। আগুনের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি নেই।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও মিডিয়া অফিসার মো. আফজাল হোসেন বলেন, রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দুর্বৃত্তরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল গেটের ভেতরে আগুন দেয়। পেট্রোল বোমা নয়, পলিথিন সদৃশ কোনো বস্তু পোড়ানো হয়। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে মাহমুদুল হাসান নামে একজন ফায়ার ফাইটার বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর খবর আমাদের কাছে আসেনি।
এইচকেআর