ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

Motobad news

সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার

সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার।

শেখ ফারহান নাদিম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় সিসিটিভি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে তার সন্ধানে অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে রিকশায় করে রওনা হন। আলেকান্দা ও আমতলা এলাকায় ছিল তার সর্বশেষ অবস্থান। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাকে উদ্ধার করা হয়।


উপকমিশনার সুশান্ত সরকার জানান, শেখ ফারহান নাদিম একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ কিছুটা উদ্বিগ্ন ছিল। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।

তিনি আরও জানান, শেখ ফারহান নাদিম বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি খুলনায়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন