গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন ও করসংক্রান্ত তথ্য খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে জেলার ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তালিকায় মোট ১০১ জন করদাতা ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদধারী নেতা, জনপ্রতিনিধি এবং সাবেক একজন স্বাস্থ্য সচিব রয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবস্থান। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন, মুকসুদপুরে ১৪ জন এবং কাশিয়ানীতে ১৯ জন রয়েছেন।
তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব সেরাজুল হক খান এবং তার স্ত্রী আশরাফুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাসের নাম রয়েছে।
তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোকতার হোসেন।
এ ছাড়া মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রিফাতুল আলমের নামও রয়েছে তালিকায়।
যেসব ঘটনায় তদন্তের উদ্যোগ
উল্লেখ্য, গত ১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
বিশেষ করে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে।
এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় কারা অর্থের জোগান দিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের উৎস কী এবং তাদের করসংক্রান্ত কোনো অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখার অংশ হিসেবেই এনবিআর এই উদ্যোগ নিয়েছে।
এইচকে