ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

Motobad news
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপিত

মাংসের চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভরশীল থাকার প্রয়োজন নেই: মজিবর রহমান সরোয়ার

মাংসের চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভরশীল থাকার প্রয়োজন নেই: মজিবর রহমান সরোয়ার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। তিনি বলেছেন, দেশে মাংসের চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভরশীল থাকার কোনো প্রয়োজন নেই, দেশেই পর্যাপ্ত গবাদিপশু উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বরিশালে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিজ পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

খামারিদের সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের উৎপাদন সক্ষমতাকে কাজে লাগাতে প্রাণিসম্পদ বিভাগকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। খামারিদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদানের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে পারিবারিক অর্থনৈতিক চাহিদা পূরণ করে আসছেন। বর্তমানে অনেক শিক্ষিত ও কর্মজীবী মানুষও চাকরির পাশাপাশি কিংবা অবসর গ্রহণের পর গবাদিপশু ও মাছের খামার গড়ে তুলছেন, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। এ খাতকে এগিয়ে নিতে সবাইকে খামারিদের পাশে দাঁড়াতে হবে।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে এবং জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার ডা. সুশান্তের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়। মেলায় স্থাপিত ৩৯টি স্টলে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পশুখাদ্য ও খামার ব্যবস্থাপনার নানা দিক প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্য থেকে আটটি ক্যাটাগরিতে মোট ১৭ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন