হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের হিজলায় আব্দুল খালেক মাঝি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল খালেক মাঝি হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গুরুতর আবস্থায় ওই বিএনপি নেতাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আহতের ভাই যুবদল নেতা ছাত্তার মাঝি বলেন, আমাদের পৈতৃক জমি ইটভাটায় ইজারা দিয়েছি। একই এলাকার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি ও আকতার মাঝি ভুয়া কাগজপত্র করে জমি তাদের দাবি করে দখল করতে যায়। তখন বড় ভাই খালেক মাঝি বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। গুরুতর জখম ভাইকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
এইচকেআর