অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট

আন্দোলনের জেরে বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা, পালটা মামলা ও বিরোধের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বর্তমানে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েছেন কয়েকশ শিক্ষার্থী। ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।
২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে ২ নভেম্বর স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ২৭ লাখ টাকা আদায়ের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়। এদিকে এ বহিষ্কারকে কেন্দ্র করে বিরোধের মধ্যে ১৯ নভেম্বর অন্তুর ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগে ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়। এরপর ২৫ নভেম্বর অন্তুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে পালটা মামলা করেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা আসমা ফেরদৌসি। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
একাধিক নার্সিং শিক্ষার্থী বলেন, কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাস বন্ধ। এতে শিক্ষাজীবন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। এ ব্যাপারে ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বলেন, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে বহিষ্কার, হামলার শিকার ও মামলার আসামি হয়েছি। কিন্তু এখনো আমার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়নি।
এইচকে