ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

Motobad news

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্তি ১১৫

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্তি ১১৫
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়াও নতুন করে আরও ১১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার।

মৃত সকিনা বেগম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দার মানিক এলাকার বাসিন্দা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২২৪ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৩৬ জন। আর মৃত্যু হয়েছে ৩৪ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতিতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন