মমেকে উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ৭৫ বছর বয়সী মোবারক আলী, নেত্রকোনার ৭০ বছরের পাপিয়া আক্তার ও গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭০ বছর বয়সী নাসিম উদ্দিন। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬৬৮টি নমুনা পরীক্ষায় ২৬০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৯ শতাংশ।
এসএম