সময় বাড়ছে, বইমেলা শেষ হবে ১৭ মার্চ

করোনা সংক্রমণ কমে আসায় অমর একুশে বইমেলা ২০২২-এর সময়সীমা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এ কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ওইদিন পর্যন্ত মেলার সময় বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।
কে এম খালিদ বলেন, করোনার কারণে এবার মেলা নিয়ে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম। একসময় সিদ্ধান্ত হয়েছিল মেলা স্থগিত করা হবে। পরে প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করতে। উদ্বোধনের পর জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বিক্রেতা এবং এর সঙ্গে সম্পৃক্তরা মেলার সময় বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। আমরা তখনই বলেছি সংক্রমণ যদি কমতে থাকে তাহলে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন ১৭ মার্চ পর্যন্ত মেলা বাড়ানো যেতে পারে। তবে তা নির্ভর করছে আমাদের কোভিড পরিস্থিতির ওপর। সুসংবাদ হলো, রোববার সকালে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং ১৭ মার্চ পর্যন্ত মেলার সময় বাড়ানো হয়েছে।
এমইউআর