জাতীয় ভোটার দিবস বুধবার

দেশে চতুর্থবারের মতো পালিত হবে জাতীয় ভোটার দিবস। আগামীকাল বুধবার (২ মার্চ) ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে দিবসটি পালন করা হবে।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটার দিবসটি পালনের মধ্য দিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনের হাতে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি পালিত হতে যাচ্ছে।
এদিকে ভোটার দিবস পালনের পাশাপাশি বুধবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে যাচ্ছে। ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য তালিকা প্রকাশ হলেও এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়নি। সদ্য বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের সময়ে ২০১৯ সালের পরে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ হয়নি। যেসব আগ্রহী নাগরিক নিজের উদ্যোগে অনলাইনে কিংবা ইসির মাঠ প্রশাসন কার্যালয়ে গিয়ে ভোটার নিবন্ধন করেছে সেগুলোই এই হালনাগাদে স্থান পাচ্ছে।
ভোটার দিবস উপলক্ষে বুধবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র্যালি বের করা হবে। এটি শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে। পরে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় নতুন কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
এইচকেআর