রোববার আসছে আজিজুর রহমানের মরদেহ

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমানের মরদেহ দেশে আনা হচ্ছে।
রোববার (২০ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ‘ছুটির ঘণ্টা’খ্যাত এই পরিচালকের মরদেহ পৌঁছাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।
তিনি বলেন, ‘আজিজ ভাইয়ের মরদেহ আগামীকাল দুপুরে ঢাকায় পৌঁছাবে। আমরা সেখান থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ গ্রহণ করে এফডিসিতে নিয়ে আসবো। উনার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর এফডিসিতে জানাজা অনুষ্ঠিত হবে। ’
জানা যায়, এফডিসি থেকে আজিজুর রহমানের মরদেহ নেওয়া হবে তার ঢাকার বাসা স্কাটনে। সেখানে বাদ মাগরিব আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে। সেখানে পারিবারিক কবরস্থানে কিংবদন্তি এই নির্মাতাকে চিরশায়িত করা হবে।
১৪ মার্চ কানাডার টরোন্টোতে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫৩টির মতো সিনেমা নির্মাণ করেছেন।
এসএম