ডাচ বাংলা তৃতীয় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডাচ বাংলা তৃতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বিজিবির বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এই মেলার আয়োজন করে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী (২৩-২৪ মার্চ ২০২২) তৃতীয় জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে আগামী দিনে যুগোপযোগী ও বিজ্ঞানমনস্ক নাগরিক তৈরি করতে হবে। বিজ্ঞান মেলার মতো এ ধরনের আয়োজন থেকেই শিক্ষার্থীরা মেধা ও মননের চর্চায় নিজেদের নিয়োজিত রেখে বিজ্ঞানমনস্ক সচেতন মানুষ হিসেবে ভবিষ্যতে দেশের হাল ধরবে।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সাইন্স ক্লাব অব রউফ কলেজ (এসসিআরসি)-এর চেয়ারম্যান লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, উপাধ্যক্ষ মো. গোলাম সারুয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ড. তানজিলা আল মাজী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাব মডারেটর ও কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন।
বিজিবি সদরদফতরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মাঠ ও বিভিন্ন কক্ষে আয়োজিত এ মেলায় ২৪০টিরও বেশি বিজ্ঞান প্রজেক্ট, ৭৭টি ওয়াল ম্যাগাজিন, ৭৩টি রুবিকিউবস, ৩২টি স্ক্রাববুক, ৩৭টি কুইজটিম, ২৭টি প্রোগ্রামিং, ১৩৫টি গেইমিং টিম, ১৩টি সেগমেন্টে অলিম্পিয়াডসহ বিভিন্ন ইভেন্টে দেশের খ্যাতনামা প্রায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০০’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
ডাচ-বাংলা তৃতীয় এসসিআরসি বিজ্ঞান মেলার স্পন্সর করেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ওয়ালটন ও নোভো হেলথকেয়ার অ্যান্ড ফার্মা। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টিভি।
এসএম