মানুষই পরিবেশ নষ্টের জন্য দায়ী: উপমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, ঢাকার ওপর দিয়ে যখন হেলিকপ্টারে চড়ে যাই, তখন নিচে তাকালে আলকাতরার নদী দেখতে পাই। পরিবেশ তো মন্ত্রণালয় নষ্ট করে না। অথচ সব দোষ মন্ত্রণালয়ের।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আরএফএল- এর গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড টেল প্লাস্টিকের ‘পরিবেশ উন্নয়ন তহবিলের’ উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী এ কথা বলেন।
সাধারণ মানুষই পরিবেশ নষ্ট করে উল্লেখ করে হাবিবুন নাহার বলেন, তাহলে পরিবেশ ঠিক করার দায়িত্ব তো শুধু মন্ত্রণালয়ের না, সাধারণ মানুষেরও। মানুষ যেখানে-সেখানে গাড়ির হর্ন বাজাচ্ছে, ময়লা-আবর্জনা ফেলছে। আসলে মানুষকে ডাণ্ডা না মারলে ঠাণ্ডা হবে না। উন্নত দেশের জনগণ ঠিকই আইন মেনে চলছে।
পরিবেশ উপমন্ত্রী বলেন, ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বায়ু দূষণের শহর। আর এর মূল কারণ ঢাকায় অনেকগুলো মেগা প্রকল্প হচ্ছে। আসলে যারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন, তারা পরিবেশ রক্ষার নিয়ম মানছেন না। সরকারের পক্ষ থেকে নিয়ম করে দেওয়া আছে, রাস্তায় নিয়মিত পানি ছিটাতে হবে। কিন্তু তারা ছিটাচ্ছেন না।
পরিবেশ রক্ষার শিক্ষা স্কুল থেকেই দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যারা বড় হয়ে গেছে, তাদের চিন্তা-চেতনা পরিবর্তন করা সহজ কথা না। তবে যারা ছোট ছোট বাচ্চা, সবেমাত্র স্কুলে ভর্তি হচ্ছে, তাদের শুরু থেকেই এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত করতে হবে। যদি এটা শেখানো যায়, তাহলেই সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
অনুষ্ঠানে উপমন্ত্রী টেল প্লাস্টিকের ‘পরিবেশ উন্নয়ন তহবিল’ উদ্বোধন করেন। এ সময় টেল প্লাস্টিকের পক্ষ থেকে উপমন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান।
এসএম