'অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে'

অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে পরিবার, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তাদের লুকায়িত সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে; যাতে করে তারা সমাজের কাজে আসে, জীবনকে সুন্দর করতে পারে। কেউ যেন তাদের বাবা-মার জন্য বোঝা মনে না করে। তাদের সঠিক পরিচর্যা করতে হবে, যেন তারা সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।’
অটিজম আক্রান্ত শিশুর দেখভাল, শিক্ষা ও চিকিৎসার জন্য মা-বাবা, শিক্ষক ও সেবকদের বিশেষ প্রশিক্ষণের বন্দোবস্ত করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। শনিবার দিবসটি পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অটিস্টিক শিশুদের জন্য সরকার ‘বলতে চাই’ ও ‘স্মার্ট অটিজম বার্তা’ নামক দুটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। সহায়ক প্রযুক্তি হিসেবে ‘বলতে চাই’ অমৌখিক যোগাযোগ সহজীকরণ করবে। শিশুর অটিজম আছে সন্দেহ হলে সহজেই ‘স্মার্ট অটিজম বার্তা’ অ্যাপ দ্বারা ঘরে বসেই অটিজম আছে কি না তা জানা যাবে। এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতায় এ বছরই ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ‘অটিজম ও এনডিডি সেবাকেন্দ্র’ প্রতিষ্ঠা করা হচ্ছে।
এমইউআর