বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

রাজধানীসহ দেশে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় রাজারহাটে সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৫ দশমিক ০, ময়মনসিংহে ৩২ দশমিক ০, চট্টগ্রামে ৩২ দশমিক ৭, সিলেটে ৩৪ দশমিক ০, রাজশাহীতে ৩৬ দশমিক ০, রংপুরে ২৮ দশমিক ৭, খুলনায় ৩৫ দশমিক ২ এবং বরিশালে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে।
এসএম