হৃদয় মণ্ডলের মামলা প্রত্যাহারের আহ্বান আর্টিকেল নাইনটিনের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথিত অভিযোগে করা মামলায় মুন্সীগঞ্জের বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পাওয়ায় মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্তচিন্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন স্বস্তি প্রকাশ করেছে। সেই সাথে তাকে চাকরিতে পুনর্বহাল এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় আর্টিকেল নাইনটিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ও ২৮ মার্চ ২০২২ তারিখে আদালতে হৃদয় মণ্ডলের জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। শ্রেণিকক্ষে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনায় ধর্মের অবমাননা করার অভিযোগে তাকে গত ২২ মার্চ গ্রেফতার করা হয়। একই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। তবে আজ (১০ এপ্রিল) তাকে জামিন দেওয়ায় স্বস্তি প্রকাশ করে সংগঠনটি।
বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, 'যে কারণে হৃদয় মণ্ডলকে কারাগারে যেতে হলো তা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক স্বাধীনতা তথা মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমত চর্চার ধারণাকে হুমকির মুখে ফেলে দিলো। এটি দেশের সকল শিক্ষক ও বিজ্ঞানমনস্ক ব্যক্তির মনে ভয়ের পরিবেশ তৈরি করবে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় বোঝা যায়, দেশের শিক্ষাব্যবস্থায় সহনশীলতা, যুক্তিবোধ তথা ভিন্নমতের প্রতি শ্রদ্ধার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা একটি অন্তর্ভুক্তিমূলক, জ্ঞানভিত্তিক, সহনশীল ও গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য জরুরি। তাই এ ঘটনাকে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত।’
জামিনে মুক্তির পর হৃদয় মণ্ডল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা দাবিও জানায় আর্টিকেল নাইনটিন।
এসএম