প্রধানমন্ত্রীকে ফোন করলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। ফোনে প্রধানমন্ত্রীকে খাদ্য, শক্তি ও অর্থবিষয়ক গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে (জিসিআরজি) যোগদানের আমন্ত্রণ জানান গুতেরেস। পরে প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী জাতিসংঘ সচিবের আমন্ত্রণ সাদরে গ্রহন করেন এবং তাকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুই নেতার মধ্যে ১২ মিনিট ধরে চলা আলোচনার সময় তিনি (শেখ হাসিনা) জিসিআরজিতে যোগদানের আমন্ত্রণ-অত্যন্ত আনন্দের সঙ্গে করেছেন।’
অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার তার জিসিআরজির প্রাথমিক সুপারিশমালা প্রকাশ করেছেন, যা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে ক্ষুধা সংকটের প্রতিক্রিয়া হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
রাশিয়া এবং ইউক্রেন বিশ্বের সূর্যমুখী তেল সরবরাহ করে অর্ধেকেরও বেশি এবং দু’দেশ বিশ্বের গমের প্রায় ৩০ শতাংশ প্রতিনিধিত্ব করে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গম সরবরাহের অর্ধেকেরও বেশি ইউক্রেন একাই সরবরাহ করে। যুদ্ধের ফলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি-শুধু খাদ্য নয়, জ্বালানি ও সারের ক্ষেত্রেও অব্যাহত রয়েছে।
জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে 'চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স' গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন 'শেরপা' (প্রতিনিধি) মনোনীত করার অনুরোধ করেন।
এমইউআর