প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ১৩ বছরে জননেত্রীর দূরদর্শিতা, সাহসিকতা আর সততার জন্য দেশ এত দূর এগিয়ে চলছে।’
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় সিংড়া উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে উপজেলা হলরুমে বীজ, সার, কম্বাইন্ড হার্ভেস্টার এবং থ্রেসার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনার সময় বিশ্বের ধনী দেশগুলো খাদ্য সংকটে পড়েছে। করোনাকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষকরা সময় মতো সার, বীজ এবং তেল পেয়েছে। এতে মহামারীতেও দেশে খাদ্য উৎপাদনে কোনো সমস্যা হয়নি। করোনায় কৃষকরা ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় চরম সমস্যায় পড়তে হয়েছিল। কিন্ত শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছেন। সেই ধান কৃষকের গোলায় পৌঁছে দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ৫০ বছর আগে বঙ্গবন্ধু উপলদ্ধি করেছিলেন, মাটি ও মানুষের শক্তি কাজে লাগানো গেলে দেশকে সোনার দেশে পরিণত করা সম্ভব। বঙ্গবন্ধুর পথ ধরেই শেখ হাসিনা কাজ করে চলেছেন। তিনি প্রত্যক গ্রামকে শহরে পরিণত করেছেন। গ্রামে গ্রামে বিদ্যুৎ, পাকা রাস্তা এবং প্রত্যেক ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন। শুরু তাই নয়, প্রত্যক ইউনিয়নে ডিজিটাল সেবা কেন্দ্র স্থাপন করেছেন। এখন ঘরে বসে মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জান্নাতুল ফেরদৌস, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, ছাতারদিখী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, সুকাস ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএসপি সার ও ভর্তুকি মূল্যে ১৫টি কম্বাইন্ড হার্ভেস্টার এবং ৪টি থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে।
এসএম