২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এপ্রিলে অনুষ্ঠিত হবে এসএসসি এবং জুন মাসে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৩ সালে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৩ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়নি। ওই বছরের ১২ সেপ্টেম্বর থেকে গত ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দু'দিন করে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অমিক্রণের সংক্রমণে ফের প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ হয়। ১৫ মার্চ থেকে তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে সপ্তাহে ৬ দিন করে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে এ পরীক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে মিলে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে (স্বাভাবিক অবস্থায় তারা ৩১৬ কর্মদিবস ক্লাস করার কথা)।
শিক্ষামন্ত্রী বলেন, এ সমস্ত দিক বিবেচনায় ২০২৩ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৩ সালে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই শিক্ষার্থীরা ২০২১ সালের ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস করার কথা ছিল কিন্তু তারা ক্লাস শুরু করতে পেরেছে গত ২ মার্চ। অর্থাৎ ইতোমধ্যে তারা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে তারা সর্বমোট ২০০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে (স্বাভাবিক অবস্থায় ৩৩০ কর্মদিবস শ্রেণি কার্যক্রম হতো)। এই পরীক্ষার্থীরা ২০২১ সালের এসএসসি/দাখিল ও সমমানের সংক্ষিপ্ত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এমতাবস্থায় ২০২৩ সালের এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে।
এমইউআর