শ্রমিক কল্যাণ তহবিলে সাড়ে ১৪ কোটি টাকা দিল তিন কোম্পানিী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৪ কোটি ৬৩ লাখ টাকার লভ্যাংশ জমা দিয়েছে তিন কোম্পানি।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে দেশি-বিদেশি কোম্পানি তিনটির প্রতিনিধিরা সাক্ষাত করে নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেকটর কর্নেল শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফাইনান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেকটর নমিত মিশ্র এবং রেনেটা লিমিটেড এর ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায়।
লভ্যাংশ জমা দেওয়া কোম্পানি তিনটি হল- ওয়ালটন গ্রুপ, নেসলে বাংলাদেশ এবং ঔষধ কোম্পানি রেনেটা লিমিটেড।
ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেকটর নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার, মুহাম্মদ ওমর ফারুক রিপনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল তাদের গত এক বছরের লাভের পাঁচ ভাগের এক দশমাংশ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকার চেক হস্তান্তর করেন। তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ ১৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছে।
রেনেটা লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র দাস তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ ৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৬৬০ টাকার চেক এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবেউইকরেমা এর নেতৃত্বে তাদের কোম্পানির লভ্যাংশ এক কোটি ৯৭ লাখ ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ৬’শ ৬৫ কোটি টাকা। দেশি বিদেশি মিলে আড়াইশ’ কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।
এসএম