এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এসডিজি বাস্তবায়নে আমরা নীতি সহায়তা এবং অর্থের যোগান অব্যাহত রাখবো, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার এবং অপচয়রোধ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।'
এসডিজি'র বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন উপলক্ষে আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, 'আমি বিশ্বাস করি, আমরা সকলে মিলে এক সঙ্গে কাজ করলে ২০৩০ এর আগেই আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনে এবং ২০৪১ সালের পূর্বেই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হব।'
প্রধানমন্ত্রী বলেন, ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজি বাস্তবায়নে ইতোমধ্যে লিড/কো-লিড ও অ্যাসোসিয়েট মন্ত্রণালয়/বিভাগ চিহ্নিত করা হয়েছে। এসডিজি বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য কী পরিমাণ তথ্য-উপাত্ত রয়েছে ও নতুন কী তথ্য প্রয়োজন তার স্টাডি করা হয়েছে। এসডিজি বাস্তবায়নে কী পরিমাণ অর্থ ও সম্পদের প্রয়োজন তাও চিহ্নিত করা হয়েছে। সকল মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক এসডিজি বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
এমইউআর