কাল থেকে বাড়ছে স্বর্ণের দাম

যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম এবং বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়তি থাকার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ দফায় ভরিতে স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৫১৬ টাকা থেকে বেড়ে ৭৮ হাজার ২৬৫ টাকায় দাঁড়াবে।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ৫৩ হাজার ৩৬৩ টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের ভরি ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অপর ধাতু রূপার দাম। মান অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ২২৫ টাকা এবং সনাততে পদ্ধতিতে রূপার দাম ভরিতে ৯৩৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এএজে