ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

কলেজ শিক্ষিকার মৃত্যু, কলেজ ছাত্র স্বামী কারাগারে

কলেজ শিক্ষিকার মৃত্যু, কলেজ ছাত্র স্বামী কারাগারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নাটোরে কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এই আদেশ দেন।

এর আগে, আটক মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দুপুর একটার দিকে আদালতে আনা হয়। পরে আদালত জামিনের আবেদন নাকচ করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ভালোবেসে শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন হোসেনকে বিয়ে করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তারা দুজন শহরের বলারিপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। এরই একপর্যায়ে রবিবার সকালে সেই ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে রবিবার দুপুরে সিআইডির সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমী মাদ্রাসা মাঠে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় খায়রুন নাহারের চাচাতো ভাই সাবের উদ্দিন রবিবার রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন