ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

প্রাইভেটকারে গার্ডার: ৫জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রাইভেটকারে গার্ডার: ৫জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেটকারের ৫ জন নিহত এবং দুইজন আহতের ঘটনায় অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, উত্তরায় গার্ডার দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যে এ কমিটি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছে।

এর আগে সোমবার বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এছাড়া আরও দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।

জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে করে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৫) ও নববধূ রিয়া মনি। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের।

প্রাইভেটকারে আরোহীদের মধ্যে ছিলেন হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে যান হৃদয় ও রিয়া। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, গত শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা আজ ছেলের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান থানার কাওলা আফিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। আর কনে রিয়া মনির বাড়ি আশুলিয়ার খেজুরবাগানে আসরাফউদ্দিন চেয়ারম্যান বাড়ি এলাকায়।

হৃদয়ের চাচাতো ভাই রাকিব জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। কিন্তু এত সময় পরও গাড়ি থেকে মরদেহগুলো বের করতে পারেননি উদ্ধারকারীরা। ভেতরে যদি কেউ বেঁচে থেকেও থাকেন তাহলে এতক্ষণে মারা গেছেন।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন