ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান ঘটবে : তথ্যমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান ঘটবে : তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বর্তমান সরকারের সময় দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। কারণ, বিএনপি ক্ষমতায় এলে দেশে আবারো সন্ত্রাস, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান ঘটবে।

আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক শোকসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত শোক সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার এবং নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছেন। ১৩-১৪ বছর আগে দেশের অবস্থা এমন ছিল না। বর্তমানে দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদরাসা সবক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। এখন মানুষ আর না খেয়ে থাকে না। আগে ঘরে ঘরে খাদ্যের অভাব ছিল। অনাহারে অর্ধাহারে বাসী পচা ভাত খেয়ে মানুষ জীবন কাটাত। কিন্তু বর্তমান সরকারের বদৌলতে আজ আর কেউ না খেয়ে থাকে না। ভিক্ষুকরাও এখন বাসী পচা ভাত খায় না। ভিক্ষুকরা এখন দু’মুঠো চাল কিংবা ২ টাকা বা ৫ টাকা ভিক্ষা নিতে চায় না। কমপক্ষে ১০ টাকা দিলে তারা মোটামুটি খুশি হয়। দেশের মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির সময় বিদ্যুতের খাম্বা রাজনীতির কথা সবার জানা আছে। সে সময় বিদ্যুৎ আর সারের জন্য মানুষকে হত্যা করা হয়েছিল। বিদ্যুতের বর্তমান উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সময় মাঝে মাঝে বিদ্যুৎ আসত। আর এখন মাঝে মাঝে বিদুৎ যায়।

তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সারা পৃথিবীতে বিরূপ প্রভাব পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্বের উন্নত দেশগুলোতেও জ্বালানি, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সেসব দেশেও সরকারিভাবে মানুষকে সাশ্রয়ী করতে নানা পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। সেসব দেশের মানুষদেরও কষ্ট পেতে হয়েছে। তবে আশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুদুরপ্রসারী নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে তেল ও জ্বালানির মূল্য সমন্বয় করার পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কিছুদিনের মধ্যে এসব সমস্যার সমাধান হবে এবং মানুষের জীবনযাত্রা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।  

তিনি বলেন, মানুষের এই সাময়িক কষ্ট দেখে বিএনপি মায়াকান্না দেখাচ্ছে। কিন্তু বিএনপির এই মায়াকান্না দেখানোর কোনো অধিকার নাই। কারণ দেশের মানুষের দুঃখ কষ্ট আওয়ামী লীগের মতো আর কেউ বোঝে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, সরকারের উদারতা দেখে বিএনপি যদি আবারো আগুন সন্ত্রাসী চালায়, আবার যদি বোমা হামলা চালায়, নাশকতা করে, মানুষ হত্যার রাজনীতি শুরু করে সেক্ষেত্রে আওয়ামী লীগ বসে থাকবে না। দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের ঐ সন্ত্রাসী কর্মকাণ্ডের সমুচিত জবাব দেবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন